“আর একটি রোহিঙ্গাও ঢুকতে দেওয়া হবে না”
বাংলাদেশের সীমান্ত দিয়ে মিয়ানমার থেকে আর একটি রোহিঙ্গাও প্রবেশ করতে দেওয়া হবে না বলে মন্তব্য করেছেন পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আবদুল মোমেন।
তিনি বলেন, সরকারের নীতিগত সিদ্ধান্ত বাংলাদেশের সীমান্ত দিয়ে মিয়ানমার থেকে আর একটি রোহিঙ্গাও প্রবেশ করতে দেওয়া হবে না। সম্প্রতি যারা দেশে প্রবেশ করেছেন তাদের বের করে দেওয়া হবে।
শুক্রবার দুপুরে সিলেটে ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের ব্যবস্থাপনা কমিটির সভা, আইসিইউ ইউনিট-৩ পরিদর্শন ও অসংক্রামক রোগ নিয়ন্ত্রণ কর্নারের উদ্বোধন শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে মন্ত্রী একথা বলেন।
সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতাল দ্বিতীয় শাখার জন্য জমি অধিগ্রহণের কাজ দ্রুত শুরু করার নির্দেশ দিয়ে পররাষ্ট্রমন্ত্রী বলেন, ওসমানী হাসপাতালের দ্বিতীয় শাখা হলে সিলেটবাসীকে আর বিদেশে চিকিৎসার জন্য যেতে হবে না। এতে যেমন বৈদেশিক মুদ্রা সাশ্রয় হবে, তেমনি মানুষের জীবনও অনেক সুরক্ষিত হবে।
আরও পড়ুনঃ সংবিধান অনুযায়ী সংসদ নির্বাচন হবে





